প্রায় দুই দশক ধরে অভিনয় জগতে নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও পরিপাটি সাজও বরাবরই ভক্তদের নজর কাড়ে। তবে ঝলমলে ফ্যাশনের চেয়ে সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল শাড়িতে। সঙ্গে ছিল কাচের চুড়ি ও মানানসই অলংকার। ঐতিহ্যবাহী সাজে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
কখনো মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনো মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে চোখ বন্ধ করেছেন তিশা। তার এমন স্বাভাবিক ও মায়াবী উপস্থিতিই নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন অনেকে।
ছবির সঙ্গে তিশা দিয়েছেন একটি বিশেষ বার্তাও। নিজের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চুপিচুপি বদলে উঠছি’। তার এই বার্তাও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিশা। সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমলেও সামাজিক মাধ্যমে নিজের কাজ, পরিবার ও জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়মিত তুলে ধরেন এই অভিনেত্রী।