গত ২৮ ফেব্রুয়ারি ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যা করেন। স্ত্রীর মৃত্যুর পর অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে পরকীয়ার অভিযোগে ওঠে আলভীর। এরপরই সামাজিক মাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি।
তিনি জানান, সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সাইবার বুলিং ও অপমানজনক মন্তব্যের ধারা চলছেই। পাশাপাশি পরিবার ও নিজেকে নিয়ে অকারণে কারো অপমানজনক বক্তব্য তিনি আর নিতে পারছেন না। বাসার ঠিকানা প্রকাশ, ব্যক্তিগত কল রেকর্ড ফাঁসসহ হত্যার ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও তাকে দেয়া হচ্ছে। এ কারণে নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আশয় নিয়েছেন তিনি।
অভিনেত্রী বলেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেয়া হয়েছে। তিনি আরোও বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেবো না। তিথি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেব।