বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞা এবং এএফসি ক্লাব লাইসেন্সিং জটিলতার কারণে দেশের ৩ শীর্ষ ক্লাব- ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস বিপাকে পড়েছে। তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সময়ে ফর্টিস এফসি এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার আনুষ্ঠানিক অনুমোদন পেল। ফিফার ট্রান্সফার ব্যান মূলত খেলোয়াড় ও কোচদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করা, চুক্তি লঙ্ঘন এবং আর্থিক নিষ্পত্তিতে ব্যর্থতার অভিযোগে আরোপিত হয়। এর ফলে নতুন খেলোয়াড় নিবন্ধন ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে ক্লাবগুলোর ওপর সরাসরি বিধিনিষেধ তৈরি হয়।
এদিকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের বাধ্যতামূলক শর্ত- আর্থিক স্বচ্ছতা, নিরীক্ষিত হিসাব, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা পূরণে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ ক্লাবগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে তুলনামূলকভাবে সংগঠিত কাঠামো ও আর্থিক শৃঙ্খলার কারণে এগিয়ে আসে ফর্টিস এফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফার্স্ট ইনস্ট্যান্স বডির মূল্যায়নে নির্ধারিত মানদ- পূরণ করায় ক্লাবটিকে এএফসির প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রথমবারের মতো দেশের ঐতিহ্যবাহী তিন বড় ক্লাবের বাইরে একটি দল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তারা অংশ নিচ্ছে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে।