মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার (৩০ মে) বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানের ওপর হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা একটি চুক্তিতে বাধা সৃষ্টিকারী বড় ধরনের মতপার্থক্য দূর করতে কাজ করছেন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ‘প্রয়োজনে পুনরায় হামলা শুরু করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। আমরা এর চেয়েও বেশি সক্ষম।’
হেগসেথ বলেন, ইরানের সাথে সঙ্ঘাতে জড়িত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।
তিনি আরো বলেন, ‘আমরা একইসাথে দু’টি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে ব্যাপকভাবে শক্তিশালী করছি, যাতে আমরা খুব শিগগিরই দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেশি যুদ্ধাস্ত্র তৈরি করতে পারি এবং বিশ্বজুড়ে আমাদের সব (অপারেশন) পরিকল্পনার জন্য যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে পারি।’
হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ধৈর্যশীল’ এবং তিনি এমন একটি ‘চমৎকার চুক্তি’ করতে চান, যা নিশ্চিত করবে যে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক শুরু হওয়া যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। এছাড়া ইরান কর্তৃক হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেয়ার কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটও সৃষ্টি হয়েছে।
সূত্র: রয়টার্স