স্মৃতি, চেতনা আর স্বপ্নের বুননে গড়া এক অনির্বচনীয় অনুভবের নাম বাংলাদেশ। ভাষার জন্য আত্মত্যাগ, স্বাধীনতার জন্য সংগ্রাম আর মানুষের মমতায় গড়ে ওঠা এই ভূখণ্ড বারবার ফিরে আসে কবিতার পঙ্ক্তিতে, আবৃত্তির উচ্চারণে।
সেই চিরচেনা অথচ নতুন করে আবিষ্কৃত বাংলাদেশের গল্পই যেন মঞ্চে প্রাণ পেল আবৃত্তি সংগঠন কাব্য কুহুক-এর বিশেষ প্রযোজনা ‘একটি বাংলাদেশ’ মঞ্চস্থ হয়েছে রাজধানীতে।
শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আবৃত্তি প্রযোজনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযোজনাটির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। এতে অংশ নেন কাব্য কুহুকের সদস্যরা। তাদের প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
‘একটি বাংলাদেশ’ প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক জাতীয় চেতনার নানা দিক শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়। নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণ প্রযোজনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধনী বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, আবৃত্তি শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও কথার শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আবৃত্তিশিল্পের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং এ ক্ষেত্রে ফারহানা তৃনাসহ সংশ্লিষ্টদের অবদানের প্রশংসা করেন।
কাব্য কুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, নতুন প্রজন্মকে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশের স্বপ্নে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোমুগ্ধকর এ আয়োজনে সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এমআর//