শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের ৪০টি বাড়িঘরে হামলা, মারধর, শত শত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াতে ইসলামীর লোকজন। এ সময় দুর্বৃত্তরা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ৪টি গবাদি পশু লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা কুরবির চর কালাই ভুঁইয়ার কান্দি ও দরবেশ খার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মমতাজ বেগম, হাবিবা আক্তার ও নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্র্রাসা কেন্দ্রে স্থানীয় বিএনপি সমর্থক জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার জাল ভোট দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। একই কেন্দ্রের ভোটার জামায়াতে ইসলামীর সমর্থক রুবেল কাজী ও সোহেল কাজী বাধা দেয়। এর পর সোহেল কাজী ও রুবেল কাজীকে ব্যাপক মারধর করে বিএনপির সমর্থকরা।

এদিকে রোববার বিএনপি সমর্থক হাফিজ ভুঁইয়ার ছেলে সাব্বির ভুঁইয়া মোটরসাইকেল নিয়ে তালতলা এলাকার মৃধার মোড়ে গেলে জামায়াত সমর্থক নাসির সিকদারের ছেলে নাইম সিকদারের লোকজন তাকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করে।

এর পর সোমবার সকালে জামায়াত সমর্থক নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে শত শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে হামলা চালালে বিএনপি সমর্থক মফিজ ভুঁইয়ার ৩টি, হাফিজ ভুঁইয়ার ৩টি, কালাম ভুঁইয়ার ৩টি, প্রবাসী জলিল বেপারী, আব্দুর রাজ্জাক বেপারী, আব্দুর রশিদ বেপারী, শামসুল হক রাড়ী, সুলতান রাড়ী, হালেম রাড়ী, সফু মোল্লা, জব্বর মোল্লা, সাইদুর মোল্লার, জামলা রাড়ীর ঘরসহ প্রায় ৪০টি ঘর ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা কালাম ভুঁইয়ার খামার থেকে ৪টি গরু, জলিল বেপারীর স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

হাফিজ ভুঁইয়ার মেয়ে রেশমা বেগম বলেন, সোমবার সকালে অতর্কিতভাবে নাসির সিকদার, খলিল শেখ রুবেল কাজী ও সোহেল কাজীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও তাজা বোমা নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে। আমার চাচা কালাম ভুঁইয়ার ৪টি গরু লুট করে নিয়ে গেছে। বোমা মেরে আমাদেরকে চরম আতংকে ফেলে দেয়।

আল ইসলাম মোল্লার স্ত্রী লাকী বেগম বলেন, নাসির সিকদার ও রুবেল কাজীর লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। উল্টো পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করেছে।

রাজনগর ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হাসিনা বেগম বলেন, নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাড়ীরা মারছে কাজীদের আর কাজীরা মারছে তাদের। এ নিয়ে আজকে উভয় গ্রুপের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে।

এ ব্যাপারে মফিজ ভুঁইয়া বলেন, জামায়াত সমর্থকরা নির্বাচনের মারামারির জেল ধরে আমাদের বাড়ি ঘরে ককটেল ফাটিয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। স্বর্ণালংকার নগদ টাকাসহ আমাদের ৪টি গরু লুট করে নিয়ে যায়।

জলিল বেপারীর স্ত্রী সারিকা বেগম বলেন, আমাদের ঘর ভাঙচুর করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে জামায়াত সমর্থকরা।

এ ব্যাপারে নাছির সিকদার ও সোহেল কাজী গংদের একাধিকবার ফোন দিয়ে ও পাওয়া যায়নি। 

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, তালতলা বাজার ও মৃধাবাড়ী এলাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট নিয়ে মারামারি হয়েছে। এর জেরে হামলায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে এক পক্ষ। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আমরা ১০ জনকে আটক করেছি। ২টি তাজা বোমা উদ্ধার করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কিছু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews