ফরিদপুরের বোয়ালমারীতে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সোহেল শেখ (৩৫) নামে এক যুবককে দুটি পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সোহেল শেখ আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে ভুক্তভোগী ছাত্রীটি একাদশ শ্রেণিতে পড়ার সময় কলেজে যাওয়ার পথে সোহেল তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। এ নিয়ে প্রতিবাদ করলে ওই বছরের ১৪ সেপ্টেম্বর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসযোগে ছাত্রীকে অপহরণ করে সোহেল। পরে তাকে ধর্ষণ করা হয়।

রায়ে অপহরণ ও ধর্ষণ—এই দুই অপরাধের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালত জানিয়েছেন, দুটি সাজা একসঙ্গে কার্যকর (সমসাময়িক) হবে।

মামলার অপর দুই আসামি রাসেল শেখ ও আরিফ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে আরও জানা যায়, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরের বছর ২০১৭ সালের ২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি সোহেল শেখ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে অপরাধ করে কেউ পার পায় না। দুটি পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews