বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। প্রতিদিন অসংখ্য মানুষ এই অ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করেন। তবে অনেক সময় এমন হয়, মেসেজ দেখলেও সঙ্গে সঙ্গে উত্তর দিতে ইচ্ছে করে না। আবার অনেকেই চান না যে প্রেরক বুঝে ফেলুক, তার পাঠানো বার্তাটি ইতোমধ্যে পড়ে ফেলা হয়েছে। সুখবর হলো, হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিংস আছে যার মাধ্যমে সহজেই এই বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়।
হোয়াটসঅ্যাপে সাধারণত কেউ আপনার পাঠানো বার্তা পড়লে দুটি নীল টিক চিহ্ন দেখা যায়। এটিকে বলা হয় ‘রিড রিসিপ্ট’। এই চিহ্ন দেখেই প্রেরক বুঝতে পারেন যে তার পাঠানো মেসেজটি পড়া হয়েছে। কিন্তু যদি আপনি এই ফিচারটি বন্ধ করে দেন, তাহলে অন্য কেউ আর বুঝতে পারবেন না যে আপনি তার বার্তা পড়েছেন কি না।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আপনি যদি রিড রিসিপ্টস বন্ধ করে দেন, তাহলে অন্যদের ক্ষেত্রেও ব্লু টিক দেখতে পারবেন না। অর্থাৎ আপনি যেমন অন্যদের কাছে অদৃশ্য থাকবেন, তেমনি আপনার পাঠানো মেসেজ কেউ পড়েছে কি না সেটিও আর বোঝা যাবে না। আরেকটি বিষয় হলো, এই নিয়মটি গ্রুপ চ্যাটে প্রযোজ্য নয়। গ্রুপে কেউ মেসেজ পড়লে স্বাভাবিকভাবেই ব্লু টিক দেখা যায়।
কেএসকে