বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না আর্জেন্টিনা। তাই ব্যস্ত সূচির মধ্যেই প্রীতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের কৌশল নির্ধারণ এবং নতুন খেলোয়াড়দের যাচাইয়ে এই ম্যাচগুলোকে বেশ গুরুত্ব দিচ্ছে দলটি।
আর্জেন্টিনা মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে প্রথম ম্যাচটি আগামীকাল ভোর ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে, প্রতিপক্ষ মৌরিতানিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজেদের মাঠেই, যা স্বাগতিকদের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
এই দুই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে দলের অধিনায়ক লিওনেল মেসিকে। কোচ স্কালোনি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, মেসি এই প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবেন। ফলে সমর্থকদের আগ্রহও বেড়ে গেছে কয়েকগুণ।
স্কালোনি জানিয়েছেন, দলের মূল কাঠামো প্রায় ঠিক থাকলেও নতুন কিছু মুখকে সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে টিকে থাকতে হলে এখন থেকেই সেরা সমন্বয় খুঁজে বের করা জরুরি। তাই এই ম্যাচগুলোকে তিনি পরীক্ষামূলক মঞ্চ হিসেবেই দেখছেন।
আর্জেন্টিনার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে, বিখ্যাত এই ভেন্যু সবসময়ই আর্জেন্টিনার জন্য আবেগ ও প্রেরণার প্রতীক হিসেবে কাজ করে। ফলে খেলোয়াড়দের বাড়তি উদ্দীপনা জোগাবে বলেই মনে করা হচ্ছে।
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোই এখন দলগুলোর জন্য নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের সবচেয়ে বড় সুযোগ। এই লড়াইয়ে আর্জেন্টিনা কতটা প্রস্তুত, সেটিই এখন দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/তানিয়া