অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল মোহাম্মদ মিথুনের সাথে। রাজশাহীর মাঠে যখন ব্যাট করছিলেন তিনি, ‘দালাল-দালাল’ দুয়ো ছুটে এলো তার দিকে। মেজাজ হারালেন তিনিও।

ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে যান মিথুন। তবে শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়েছেন। উত্তেজনাপূর্ণ কিছু ঘটেনি। সেখানে থাকা দর্শকদের সাথে কথা বলে ফিরে আসেন মাঠে।

বিসিএলে আজ (বৃহস্পতিবার) রাজশাহী স্টেডিয়ামে মুখোমুখি হয় দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। যেখানে দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট করার সময়ে এমন ঘটনা ঘটে মিথুনের সাথে।

অবশ্য এমন পরিস্থিতির মাঝেও ভালো ব্যাট করেছেন মিথুন। ৭৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে এরপরও জেতাতে পারেননি দলকে, উত্তরাঞ্চলের কাছে হেরে যায় ৬ উইকেটে।

উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায়। মিথুন ছাড়া আর কেউ তেমন ভালো করতে পারেননি, ২৯ রান আসে রবিউলের ব্যাটে।

এছাড়া নুরুল হাসান সোহান করেন ২৪ রান। সৌম্য সরকার ৯ ও আফিফ হোসেনের ব্যাটে আসে ৪ রান। উত্তরের হয়ে বল হাতে নাহিদ রানা ও মেহরাব হাসান নেন ৩টি করে উইকেট। শরিফুলের শিকার ২টি।

১৪৫ রানের ছোট এই লক্ষ্য ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। যদিও শান্ত রানের খাতাই খুলতে পারেননি, দুই ওপেনারও ছিলেন ব্যর্থ।

হাবিবুর রহমান সোহান ১৪ ও তানজিদ তামিম করেন ১৮ রান। ৩৭ রানে ৩ উইকেট পড়ার পর লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। হৃদয় ৪৬ বলে ৩৩ রান নিয়ে আউট হন।

তবে ৬৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন লিটন দাস। আর আকবর আলীর ব্যাটে আসে ১৯ রান। দক্ষিণাঞ্চলের হয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews