ওয়াশিংটন, ২৬ জুন – কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে ডাচরা।
টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল তিউনিসিয়ার জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটি ছিল তাদের জন্য কেবল একটি নিয়মরক্ষার লড়াই। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলের শিকার হয় তিউনিসিয়া। ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিরি।
এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রবি। সান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড গত ম্যাচেও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে চালকের আসনে বসে নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হাজেম মাসতৌরি হেডে গোল করে তিউনিসিয়ার ব্যবধান কমানোর চেষ্টা করেন।
তবে ম্যাচ শেষে ডাচরা আবারো আধিপত্য বিস্তার করে। তিজানি রেইন্ডর্সের কর্নার থেকে হেডে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান পল হেকার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
গ্রুপ এফ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে ডাচরা। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে জাপান। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হিসেবে পরবর্তী পর্বে সুইডেনও তাদের সঙ্গী হয়েছে।
আগামী ২৯ জুন গুয়াদালুপে নকআউট পর্বের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে রানার্সআপ জাপানের প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল। আজকের এই জয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বের প্রস্তুতি শুরু করল ডাচ বাহিনী।
এস এম/ ২৬ জুন ২০২৬