জয়ের জন্য তখন লাগে ২, সেঞ্চুরির জন্য ৪। ম্যাচের ফল ছাপিয়ে তখন একটিই কৌতুহল- সেঞ্চুরি কি হবে আফিফ হোসেনের? এমন সমীকরণের সামনে সাইফ হাসানের বলে সুইপ খেললেন আফিফ। বল মোহাম্মাদ নাঈম শেখের হাত ফসকে পেরিয়ে গেল বাউন্ডারি। সেঞ্চুরি ও জয় দুটিই ধরা দিল আফিফের।
আফিফের সেঞ্চুরিতেই জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের ১২তম আসর শুরু করেছে দক্ষিণাঞ্চল। টুর্নামেন্টের উদ্বোধনী সোমবার তারা ৭ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চলকে।
অপরাজিত ১০০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে দক্ষিণাঞ্চলের জয়ের নায়ক আফিফই।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। ৩৪ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্বিতীয় উইকেটে ১৩৮ রান যোগ করেন ওপেনার মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন। নাঈম ৭টি চার ও ২টি ছক্কায় ৬৯ এবং মাহফিজুল ৬টি বাউন্ডারিতে ৬৩ রান করেন।
হাফ-সেঞ্চুরির স্বাদ নেন চার নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনও। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ২ চার ও ৩ ছক্কায় ৭৩ বলে ৬৭ রানের ইনিংসটি সাজান অধিনায়ক।
সঙ্গে শেষ দিকে ইরফান শুক্কুরের ১৯ বলে ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ পায় মধ্যাঞ্চল।
সৌম্য সরকার ও তানভির ইসলাম ২টি করে উইকেট নেন।
জবাবে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণাঞ্চল। গোল্ডেন ডাক মারেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন ওপেনার আনিসুল ইসলাম ইমন ও জাওয়াদ আবরার। উইকেটে সেট হয়ে ইমন ৪৩ ও আবরার ৪০ রানে আউট হন।
১০৮ রানে তৃতীয় উইকেট পতনের পর মধ্যাঞ্চলের বোলারদের উপর দাপট দেখিয়ে ২৭ বল বাকী থাকতে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করেন আফিফ ও মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
৮৬ বলে অপরাজিত ১০০ রান করার পথে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকান আফিফ। ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৬৫ বলে অনবদ্য ৭২ রান করেন মিঠুন।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল: ৫০ ওভারে ২৬৪/৭ (সাইফ ১৯, নাঈম শেখ ৬৯, মাহফিজুল ৬৩, মাহিদুল ৬৭, আরিফুল ১, মোসাদ্দেক ৮, ইরফান ২৫, আবু হায়দার ২*, রকিবুল ০*; মুস্তাফিজ ১০-৩-৪৪-০, রবিউল ১০-১-৪৩-১, সৌম্য ৮-০-৫৭-২, তানভির ১০-১-৪৬-২, মিরাজ ৫-০-৩৫-০, স্বাধীন ৭-০-৩৮-০)
দক্ষিণাঞ্চল: ৪৫.৩ ওভারে ২৬৭/৩ (আনিসুল ৪৩, সৌম্য ০, জাওয়াদ ৪০, আফিফ ১০০*, মিঠুন ৭২*; রিপন ৬-১-৪০-০, আবু হায়দার ৫-০-২৯-১, রকিবুল ১০-০-৪৫-০, মোসাদ্দেক ৫-১-৩৫-০, ওয়াসি ১০-০-৫৬-১, সাইফ ৯.৩-০-৫৯-১)।
ফল: দক্ষিণাঞ্চল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন।