সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে―টালিউড তারকা বিপ্লব চ্যাটার্জি নাকি মারা গেছেন। এ নিয়ে যখন চারদিকে নানা চর্চা, তখন বিষয়টি নজর কাড়ে অভিনেতার। এতে মুখ বন্ধ করে বসে না থেকে সরব হয়েছেন তিনি। সুস্থ আছেন জানিয়ে কিছুটা মজা করতেও বাদ রাখেননি।
বিপ্লব বলেন, অনেক খারাপ চরিত্রে অভিনয় করেছি। তবে রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় যেকোনো তথ্য কিংবা অপতথ্য ছড়িয়ে পড়তেই খুব একটা সময় লাগে না। কেউ কিছু চর্চা করলে তা যাচাই-বাছাই না করেই শুরু হয় মন্তব্য করা ও ছড়িয়ে দেয়া। ফলে অল্প মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভুয়া তথ্য। অভিনেতা বিপ্লবের ক্ষেত্রেও এমনটা হয়েছে।
সম্প্রতি কেউ তার একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল ‘প্রয়াত’। স্বাভাবিকভাবেই অনুরাগীরা সেটি দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি আলোড়ন সৃষ্টি করতেই প্রথমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের পক্ষে জানানো হয়―বিপ্লব সুস্থ আছেন। তার মৃত্যুর খবর একদমই ভুয়া।
এর কিছুক্ষণ পরই ভিডিওবার্তা দিয়েছেন এ অভিনেতা। সেখানে তিনি বলেন, একটি খবর ছড়িয়েছে, আমি নাকি মারা গেছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজটি করেছেন, তাকে বলব- এটা বন্ধ করুন। হঠাৎ কাউকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমন কিছু বলবেন না। বলার আগে অন্তত একটু ভাববেন।
এমন আচরণকে শিক্ষার অভাব বলে অভিহিত করেছেন এ টালি তারকা। এর পরই কিছুটা রসিকতা করে বলেন, আমাকে অনেক খারাপ চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেককেই আবার আমাকে খারাপ মানুষ হিসেবে জানেন। তবে আমি রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই।
আরটিভি/এমএ
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন