হিন্দি টেলিভিশনের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’। ২০১৫ সালে যাত্রা শুরুর পর একের পর এক সিজনে নতুন গল্প ও নতুন মুখ নিয়ে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ধারাবাহিকটি। এবার সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে ঘিরেই সামনে এসেছে বড় চমকের আভাস।



সম্প্রতি ‘নাগিন’-এর প্রযোজক একতা কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ধারাবাহিকটির বিভিন্ন সিজনের উল্লেখযোগ্য মুহূর্তের পাশাপাশি অভিনয় করা একাধিক অভিনেত্রীর উপস্থিতি তুলে ধরা হয়। ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, এবার কি টেলিভিশনের পরিচিত ‘নাগিন’কে সিনেমার পর্দায় দেখা যাবে?



জল্পনার মূল কারণ ভিডিওটির শেষের বার্তা। দীর্ঘ ১১ বছরের টেলিভিশনযাত্রার পর ‘নাগিন’কে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে। ফলে বালাজি টেলিফিল্মসের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচনায়।



তবে নতুন প্রকল্প নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। সিনেমাটি কবে মুক্তি পাবে, কারা অভিনয় করবেন কিংবা গল্পে কী ধরনের পরিবর্তন আসবে, এসব প্রশ্নের উত্তর আপাতত অজানা। তাই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।



মৌনি রায়কে কেন্দ্র করে ২০১৫ সালে শুরু হয়েছিল ‘নাগিন’-এর পথচলা। পরে সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা ও তেজস্বী প্রকাশের মতো অভিনেত্রীরা বিভিন্ন সিজনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ সপ্তম সিজনে দেখা যায় প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, ঈশা সিংহ, নামিক পল ও কানিকা মান্ন-সহ একাধিক অভিনয়শিল্পীকে।



২০২৫ সালে শুরু হওয়া সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন। এবার সেই দীর্ঘ টেলিভিশন অধ্যায় পেরিয়ে ‘নাগিন’ যদি সত্যিই সিনেমার জগতে প্রবেশ করে, তাহলে নতুন অবতারে ফ্র্যাঞ্চাইজিটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews