প্রধানমন্ত্রীকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে গতকাল তার মোহাম্মদপুরের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। আপত্তিকর ওই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে গত বৃহস্পতিবার রাশেদ প্রধান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে মোহাম্মদপুরে তার বাসার সামনে প্রতিবাদ জানাতে যান বিএনপি’র নেতাকর্মীরা। তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং রাশেদ প্রধানের বিরুদ্ধে নানা স্লোগান দেন। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহারের জন্য রাশেদ প্রধানকে তিন ঘণ্টার আলটিমেটাম দেন বিক্ষোভকারী এক বিএনপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। তারা রাশেদ প্রধানের বাসভবনের সামনে সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন পুলিশ সদস্যরা। এ সময় রাশেদ প্রধানের পিএস জনী নন্দী ইট নিয়ে তেড়ে গিয়ে আন্দোলনকারী একজনকে মারতে উদ্যত হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিবৃত করে থানায় নিয়ে যায়।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তার বাসার সামনে কয়েকজন অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। রাশেদ প্রধানের বাসার অদূরে আন্দোলনকারী দুই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাশেদ প্রধানের পিএস জনী নন্দী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে জাগপা নেতারা অভিযোগ করেছেন, বিএনপি নেতারা রাশেদ প্রধানের বাসভবনে হামলা চালিয়েছে। এ ছাড়া পঞ্চগড় জেলা জাগপার কার্যালয় ভাঙচুর করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews