যুক্তরাজ্যের প্রাচীনতম পাবলিক মিউজিয়াম অ্যাশমোলিয়ান মিউজিয়ামে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিল্পীর একক প্রদর্শনী শুরু হয়েছে। এই ঐতিহাসিক আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিল্পী সোমা সুরভী জান্নাত।

সোমবার (৩০ মার্চ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিল্প ও প্রত্নতত্ত্ব জাদুঘরটিতে গত ২৮ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘সোমা সুরভী জান্নাত: ক্লাইমেট কালচার কেয়ার’ শিরোনামের এ প্রদর্শনী চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীটি কিউরেট করেছেন মল্লিকা কুম্বেরা ল্যান্ড্রাস, যিনি অ্যাশমোলিয়ানের ইস্টার্ন আর্ট বিভাগের প্রধান ও সাউথ এশিয়ান আর্ট বিভাগের কিউরেটর। প্রদর্শনীতে প্রায় ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে কাগজে আঁকা চিত্রকর্ম, ৩০ ফুট দীর্ঘ একটি স্ক্রল এবং একটি অস্থায়ী দেয়ালচিত্র—যা শিল্পী নিজেই গ্যালারির দেয়ালে সম্পন্ন করবেন। এ উপলক্ষে ১১২ পৃষ্ঠার একটি চিত্রসম্বলিত ক্যাটালগও প্রকাশ করা হয়েছে।

এ আয়োজনটি ২০২৩ সালে চালু হওয়া ‘অ্যাশমোলিয়ান নাও’ সিরিজের অংশ, যেখানে সমসাময়িক শিল্পীদের জাদুঘরের ঐতিহাসিক সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন কাজ সৃষ্টির সুযোগ দেওয়া হয়। শিল্পীর ২০২৩ সালের রেসিডেন্সি অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো এই প্রদর্শনীতে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট এবং সামাজিক বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সুন্দরবনসহ বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।

এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, এটি যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশি শিল্পীর প্রথম একক প্রদর্শনী হিসেবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মতে, এ আয়োজন বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে বৈশ্বিক পরিসরে তুলে ধরবে। অ্যাশমোলিয়ান মিউজিয়ামের পরিচালক জা স্টারজিস বলেন, এই প্রদর্শনীটি উপস্থাপনার দিক থেকে ব্যতিক্রমী এবং এটি বাংলাদেশ ও সমকালীন শিল্প নিয়ে নতুন আলোচনার দ্বার উন্মোচন করবে। প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল, সামদানি আর্ট ফাউন্ডেশন, সোথেবিস, গ্যালারি এসপাস (নয়াদিল্লি) এবং চার্লস ওয়ালেস বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায়।

প্রদর্শনী তথ্য:

সোমা সুরভি জান্নাত: ক্লাইমেট কালচার কেয়ার
তারিখঃ ২৮ মার্চ – ১ নভেম্বর, ২০২৬
ভেন্যুঃ গ্যালারি ৮, অ্যাশমোলিয়ান মিউজিয়াম, বিউমন্ট স্ট্রিট, অক্সফোর্ড ওএক্স১ ২পিএইচ
ভর্তিঃ ফ্রি

শিল্পী পরিচিতি:

শিল্পী সোমা সুরভী জান্নাত ২০২০ সালে ঢাকা আর্ট সামিটে সামদানি আর্ট অ্যাওয়ার্ড অর্জন করেন এবং একই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২৩ সালে তিনি অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সাউথ এশিয়ান আর্টিস্ট-ইন-রেসিডেন্স কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি শিল্পী হন। এর আগে তিনি শ্রীলঙ্কা, ইতালি, ভারত ও চীনে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews