উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব, বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্ভাবনা এবং দীর্ঘদিনের বঞ্চনার বাস্তব চিত্র জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি যে চিত্র তুলে ধরেছেন, তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়- বরং বরগুনাসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের প্রতিদিনের বাস্তবতার প্রতিফলন। তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে উপকূলীয় উন্নয়নের প্রশ্ন, বৈষম্যের বাস্তবতা এবং প্রতিশ্রুতি বনাম অর্জনের ফারাক।



বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য এবং সম্ভাবনাময় সামুদ্রিক অর্থনীতির কারণে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা ভিন্ন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগ এখানে নিত্যসঙ্গী। এই ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে অবকাঠামোগত দুর্বলতা, সীমিত কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অঞ্চলটি উন্নয়নের মূলধারায় প্রত্যাশিতভাবে যুক্ত হতে পারেনি।



চিফ হুইপের বক্তব্যে উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উঠে এলেও মাঠপর্যায়ে এখনো দৃশ্যমান পরিবর্তনের অভাব প্রকট। বরগুনায় ঘোষিত বহু উন্নয়ন প্রকল্প বছরের পর বছর বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সেনা ক্যাম্প, মেডিকেল কলেজ কিংবা গভীর সমুদ্রবন্দর স্থাপনের মতো বড় প্রকল্পের ঘোষণা এলেও সেগুলোর বাস্তবায়ন হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে বরগুনাবাসীর মধ্যে বঞ্চনার অনুভূতি আরও তীব্র হয়েছে।



যোগাযোগ ব্যবস্থা এই জেলার উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর একটি। পায়রা ও বিষখালী নদীর ওপর সেতুর অভাব, ঝুঁকিপূর্ণ সড়ক এবং সীমিত নৌ-যোগাযোগ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। অনেক ক্ষেত্রে রাত নামলেই উপজেলার সঙ্গে উপজেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে কৃষিপণ্য ও মাছ বাজারজাতকরণ ব্যাহত হয়, উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক-জেলেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।



উপকূলীয় অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি ও মৎস্য খাত। কিন্তু আধুনিক প্রযুক্তির অভাব, সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এই খাতকে সম্ভাবনার জায়গা থেকে পিছিয়ে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে তরমুজ চাষিদের লোকসান এই কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন। অন্যদিকে, হাজারো জেলে পরিবার দাদন বা মহাজনী ঋণের চক্রে আটকে মানবেতর জীবনযাপন করছে- যা একটি দীর্ঘস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে।



এ জেলার আরেকটি বড় সংকট সুপেয় পানির অভাব। উপকূলীয় লবণাক্ততার কারণে নিরাপদ পানির উৎস সীমিত, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষা অবকাঠামোর ঘাটতিও মানুষের জীবনমান উন্নয়নের পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে।



স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও বরগুনা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। উন্নয়নের প্রতিশ্রুতি বারবার এলেও তার বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। বরগুনা-৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবিও দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি, যা আঞ্চলিক প্রতিনিধিত্বের প্রশ্নকে আরও জটিল করে তুলেছে।



চিফ হুইপের বক্তব্যের পর বরগুনাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা'র সমন্বিত উদ্যোগের দিকেও তাকিয়ে আছেন স্থানীয়রা। তবে সচেতন মহলের মতে, শুধুমাত্র বক্তব্য বা প্রতিশ্রুতি নয়- সময় সীমাবদ্ধ পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতাই পারে এই অঞ্চলের উন্নয়নে বাস্তব পরিবর্তন আনতে।



বিশ্লেষকদের মতে, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য জাতীয় বাজেটে অগ্রাধিকার, কার্যকর অবকাঠামো উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতে আধুনিকায়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনাও অপরিহার্য।



চিফ হুইপ মোঃ নুরুল ইসলাম মনি'র সংসদীয় বক্তব্য নিঃসন্দেহে উপকূলীয় অঞ্চলের সমস্যাগুলোকে জাতীয় পরিসরে নতুন করে সামনে এনেছে। তবে বরগুনাবাসীর প্রত্যাশা এখন একটাই- প্রতিশ্রুতির পুনরাবৃত্তি নয়, বরং দৃশ্যমান উন্নয়নের বাস্তব অগ্রগতি। কারণ বছরের পর বছর ধরে বঞ্চনার ভার বইতে থাকা এই জনপদের মানুষের কাছে উন্নয়ন আর কোনো স্লোগান নয়, এটি এখন ন্যায্য অধিকার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews