বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। দেশজুড়ে হওয়া এই টুর্নামেন্টে হাজারের বেশি কিশোর ফুটবলার অংশ নিয়েছিলেন। বাফুফে ঐ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করেছিল। বাছাইকৃত ১২৮ জন থেকে আরেক দফা বাছাই করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত কয়েক দিন বাছাইকৃত ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। সেই ট্রায়াল শেষে গতকাল ৩৬ জন ফুটবলার ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়সভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। ফুটবলারদের ইয়েস কার্ড প্রদানের পর অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম বলেন, ‘ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে।’ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরো বেশি জোর দিয়েছে। গত বছরের মতো এই বছরও দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে বাফুফে।