রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত আসাদুল হক ওরফে লম্বু আসাদুল বরিশালের গৌরনদীর কালনায় এলাকার জলিল সর্দারের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর মেট্রো হাউজিং বি ব্লকের ৪ নম্বর রোডের রামগঞ্জ ভিলা আরিফের বাড়িতে বসবাস করতেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষরা আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রাতে তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলকে একা পেয়ে দুর্বৃত্তরা তার বুকে-পিঠে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, থানায় মামলার প্রক্রিয়া চলছে। দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews