বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছেন মুম্বাইয়ের একটি সেশনস আদালত। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগটি ফৌজদারি অপরাধের চেয়ে একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে বিরোধের বিষয়।
মামলার অভিযোগকারী ওমপ্রকাশ শ্রীনারায়ণ লাল জৈনের দাবি ছিল, একটি তেলেগু সিনেমায় সানি লিওনের অভিনয়ের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী মোট ১ কোটি ৭৫ লাখ রুপি পারিশ্রমিকের একটি অংশ কমিশন হিসেবে পাওয়ার কথা থাকলেও পুরো অর্থ পাননি বলে অভিযোগ করেন তিনি।
এরপর আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা করেন জৈন। তবে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেশনস আদালতে রিভিশন আবেদন করা হয়।
আবেদনের শুনানিতে বিভিন্ন নথি ও কর-সংক্রান্ত ইনভয়েস পর্যালোচনা করে সেশনস আদালত জানায়, বিষয়টি মূলত একটি ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সংক্রান্ত বিরোধ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ প্রমাণের মতো প্রয়োজনীয় উপাদানও পাওয়া যায়নি।
ফলে ম্যাজিস্ট্রেট আদালতের আগের সিদ্ধান্তে কোনো আইনি ত্রুটি না থাকায় সেশনস আদালতও রিভিশন আবেদন খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে সানি লিওন ও তার স্বামীর বিরুদ্ধে মামলাটি খারিজের সিদ্ধান্তই বহাল থাকল।