এবার যাত্রীবাহী বাসে চড়তে দেখা গেল দুই ছাগলকে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ জানায়, ডিভিশন স্ট্রিটের একটি বাসস্টেশনে দুটি ছাগল অবাধে ঘোরাফেরা করছে- ৯১১-এ এমন খবর পাওয়ার পর বিষয়টি নজরে আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাগল দুটি স্বাভাবিকভাবেই বাসস্টেশনে প্রবেশ করে। এরপর একটি বাসে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার নেমে যায়। পরে তারা কাছের একটি শপিং সেন্টারের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় তল্লাশি চালালেও ছাগল দুটির আর সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটিকে মজারভাবে তুলে ধরে পরিবহন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘এরা কোথা থেকে এসেছিল? কোথায় যাচ্ছিল? আর যাত্রার জন্য তাদের বৈধ টিকিট ছিল কি না- এসব প্রশ্নের উত্তর হয়তো কখনোই জানা যাবে না!’ সূত্র : জে এন।