ইরানের রেভল্যুশনারি গার্ড শনিবার (১৮ জুলাই) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় দু’টি তেলবাহী ট্যাঙ্কার মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড বলেছে, ‘এক ঘণ্টা আগে দু’টি তেলবাহী জাহাজ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সেগুলো হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা এলাকার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এসব জাহাজকে বিভ্রান্তিকর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পরিচালনা করছিল।’

তবে বিবৃতিতে জাহাজ দু’টির নাম উল্লেখ করা হয়নি।

রেভল্যুশনারি গার্ড আরো বলেছে, ‘নিজেদের সম্পদ এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ নিজেদের জীবন রক্ষার স্বার্থে নাবিকদের বিভ্রান্ত হয়ে মাইন পাতা এলাকায় প্রবেশ করা উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তারা বলেছে, ‘আইআরজিসির বেশিভাগ দাবির মতো এটিও মিথ্যা।’

রেভল্যুশনারি গার্ড শনিবার আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা চারটি জাহাজকে তারা ‘থামিয়ে দিয়েছে’।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তারা বলেছে, ‘গত কয়েক ঘণ্টায় সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সহায়তায় চারটি লঙ্ঘনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে চারটি জাহাজকেই থামিয়ে দেয়া হয়েছে।’

ইরান গত এক সপ্তাহ ধরে কার্যত আবারো হরমুজ প্রণালীর চলাচল সীমিত করে রেখেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিতে চাইছে তেহরান। তারা তেলবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজগুলোকে সতর্ক করে বলেছে, প্রণালীর উত্তর দিকে ইরানের উপকূলসংলগ্ন পথ ব্যবহার করতে হবে এবং যুক্তরাষ্ট্র যে দক্ষিণাঞ্চলীয় নৌপথ রক্ষার চেষ্টা করছে, তা এড়িয়ে চলতে হবে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুমকির জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে। একইসাথে প্রণালীর ওপর নজরদারি ও হুমকি মোকাবেলায় ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে দেশটিতে রাতভর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews