বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া সিএ একাদশকে। শামীম ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি একাদশ। বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষ ভিক্টোরিয়া সিএ একাদশকে চেপে ধরেন দুই স্পিনার মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান। তাদের ঘূর্ণিতে ১০৪ রানে নবম উইকেট হারায় ভিক্টোরিয়া। রুবেল ৪টি ও রাকিবুল ৩ উইকেট নেন।

শেষ উইকেটে ২৭ রানের জুটিতে ভিক্টোরিয়াকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক স্যাম হার্পার ও কালাম স্ট্রো। ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করা হার্পারকে শিকার করে ভিক্টোরিয়ার ইনিংসের ইতি টানেন পেসার রিপন মন্ডল। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

রুবেল ১৫ রানে ৪টি এবং রাকিবুল ২৮ রানে ৩ উইকেট নেন।

১৩২ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে ৪ উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ১ ছক্কায় ১১ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার জিশান আলম।

২ ছক্কায় ভালো শুরু করেও ৯ বলে ১৫ রান তুলে বিদায় নেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। গতকাল হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৫৯ রান করা সাব্বির রহমান এ ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি।

শুরুর ধাক্কা সামাল দিয়ে পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৩ রান যোগ করে বাংলাদেশ এইচপি একাদশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরেন শুক্কুর।

এরপর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রান যোগ করে ১৮তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন শামীম। ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews