যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকায় দুর্ঘটনায় রোমান শেখ নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাতে বেনাপোল-শার্শা সড়কে একটি ট্রাকের পেছনে সাইকেলটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান শেখ (২১) শার্শার বেনাপোল বন্দর থানাধীন মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে।

নিহতের স্বজন শাওন হোসেন জানান, একটি থ্রি-টন ট্রাক পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিল। পথে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রোমানের সাইকেলের সঙ্গে ট্রাকটির পেছনের বাম পাশে ধাক্কা লাগে। এতে রোমান সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেনাপোল ফায়ার সার্ভিস দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews