যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ব্রেইডউড শহরের এক বাসিন্দা তাঁর ৪০তম জন্মদিনে এক অবিশ্বাস্য উপহার পেয়ে কোটিপতি বনে গেছেন। জন্মদিনের পার্টিতে এক বন্ধু তাঁকে একটি খামে করে বেশ কয়েকটি লটারি টিকিট উপহার দেন। লটারির টিকিট স্ক্র্যাচ করার পর প্রথমাংশে তিনি ও তাঁর আরেক বন্ধু ভেবেছিলেন যে তিনি মাত্র ১ হাজার ডলার (প্রায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা) জিতেছেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি সস্ত্রীক লটারি সেন্টারে প্রাইজ বা পুরস্কারের টাকা তুলতে যান, তখন সেখানকার কর্মীরা টিকিট পরীক্ষা করে হেসে বলেন, ‘স্যার, আপনি ১ হাজার নয়, পুরো ১ মিলিয়ন (১০ লাখ) ডলার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি টাকারও বেশি। লটারি কর্তৃপক্ষের কাছে নিজের নাম প্রকাশ না করা এ ব্যক্তি জানান, প্রথম দেখায় তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না এবং আনন্দের চোটে তাঁর স্ত্রীর চোখে পানি চলে আসে। লটারির এ অর্থ দিয়ে তিনি একটি নতুন গাড়ি কেনা এবং পরিবারের সবাইকে নিয়ে ক্রুজে ভ্রমণের পরিকল্পনা করছেন। সূত্র : ইউপিআই।