২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং এর প্রেক্ষিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার। তার মতে, বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণ ছিল অনৈতিক এবং এর প্রতিবাদেই পাকিস্তান এমন অবস্থান নিয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে ক্রিকেটের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা নিয়ে কথা বলেন বুচার। আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। এ সময় তিনি সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টেনে আনেন, যেখানে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে টুর্নামেন্টের ম্যাচগুলো দুবাইয়ে সরিয়ে নিতে হয়েছিল।

বুচার বলেন,‘পাকিস্তান এখানে খুব কৌশলী সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, আমরা টুর্নামেন্টে থাকব, কিন্তু বাংলাদেশের সঙ্গে আপনারা যা করেছেন তার প্রতিবাদে ভারতের বিপক্ষে খেলব না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্ষেত্রে আপনারা যে ছাড় দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে তা দেননি। সে কারণেই তারা তাদের মুসলিম ভাইদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

আইসিসি যে নিয়মিতভাবে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে, সেটাকে মোটেও কাকতালীয় মনে করেন না বুচার। তার মতে, এর পেছনে রয়েছে বড় অঙ্কের আর্থিক স্বার্থ। তিনি বলেন, ‘আইসিসি নিশ্চিত করে যে ভারত ও পাকিস্তান সবসময় একই গ্রুপে থাকবে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ওপর মহলের সিদ্ধান্ত। অন্য দলগুলোকে কোয়ালিফাই করতে হয়, ড্রয়ের মাধ্যমে গ্রুপ ভাগ হয়, কিন্তু এই দুটি দলের ক্ষেত্রে সবকিছুই টাকার হিসাব।’

ভারত-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে বুচার দাবি করেন, ক্রিকেট রাজনীতিতে পাকিস্তান কার্যত ভারতের ছোট ভাইয়ের অবস্থানে রয়েছে। ভারতের ইচ্ছায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত বাকি দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।

বুচার বলেন,‘ভারত যা চায়, তাই পায়। তারা সবচেয়ে ধনী ও শক্তিশালী ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানকে অনেক কিছু মুখ বুজে মেনে নিতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অনেক আগেই বোঝা গিয়েছিল, ভারত পাকিস্তানে যাবে না, তাই পুরো টুর্নামেন্ট নতুন করে সাজানো হয়।’

এই ধরনের সিদ্ধান্তের প্রভাব অন্য দলগুলোর ওপরও পড়ে উল্লেখ করে বুচার বলেন,‘ভারতকে খুশি করতে বাকি দলগুলোকে হঠাৎ করে তাদের পরিকল্পনা বদলাতে হয়, অন্য দেশে উড়ে যেতে হয় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যে ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সেটাকে ভারত ও আইসিসির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বুচার। তার ভাষায়,‘ভারতের জন্য এটি বড় ধাক্কা। আর আইসিসির জন্য এক মহাবিপর্যয়, কারণ ভারত-পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য বিপুল। পাকিস্তানের হাতে সম্ভবত এটাই একমাত্র বড় অস্ত্র ছিল।’

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews