চুল রুক্ষ, নিষ্প্রাণ আর জট পাকানো - এই সমস্যাগুলো এখন খুবই সাধারণ। রুক্ষ আবহাওয়া, ধুলাবালি, রোদ, অতিরিক্ত স্টাইলিং কিংবা ভুল প্রোডাক্ট ব্যবহারের কারণে চুলের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। ফলে চুল হয়ে পড়ে শুষ্ক ও ভঙ্গুর।
এই সমস্যার সহজ সমাধান হতে পারে সঠিক তেল ব্যবহার। তবে সব তেল সব চুলের জন্য সমানভাবে কার্যকর নয়। চুলের ধরন ও সমস্যার ওপর ভিত্তি করে তেল নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চুলের যত্নে সবচেয়ে পরিচিত তেলের মধ্যে নারিকেল তেল অন্যতম। এটি চুলের ভেতরে প্রবেশ করে প্রোটিন ক্ষয় কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুল নরম ও মসৃণ থাকে।
অলিভ তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে। রুক্ষ ও শুষ্ক চুলের জন্য এটি বেশ উপকারী।
ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড তেল চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং ভাঙা চুল কমাতে সহায়তা করে। যারা চুলে শুষ্কতা ও ড্যামেজ অনুভব করেন, তাদের জন্য এটি ভালো একটি বিকল্প।

অনেকে একে লিকুইড গোল্ড বলে থাকেন। আরগান তেল চুলকে গভীরভাবে পুষ্টি দেয় এবং ফ্রিজি ভাব কমায়। নিয়মিত ব্যবহার করলে চুল মসৃণ ও উজ্জ্বল দেখায়।
জোজোবা তেল স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের মতো কাজ করে। এটি স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং খুশকির সমস্যা কমাতে সহায়ক।

তেল হালকা গরম করে সপ্তাহে ২–৩ দিন স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৩০ মিনিট থেকে এক ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে রাতভরও রেখে দিতে পারেন।
কিছু সতর্কতা
অতিরিক্ত তেল ব্যবহার করলে চুল ভারী হয়ে যেতে পারে
খুব বেশি গরম তেল ব্যবহার করবেন না
চুলের ধরন অনুযায়ী তেল নির্বাচন করুন
চুলের রুক্ষতা দূর করতে দামি প্রোডাক্ট নয়, বরং সঠিক তেল ও নিয়মিত যত্নই সবচেয়ে কার্যকর। নিজের চুলের প্রয়োজন বুঝে তেল ব্যবহার করলে খুব সহজেই ফিরে পাবেন নরম ও স্বাস্থ্যোজ্জ্বল চুল।
সূত্র: আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি, হেলথলাইন, ওয়েবএমডি
এএমপি/এমএস