যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির অভিষেক। ৩০ আগষ্ট রোববার মিশিগানের ওয়ারেন সিটিতে বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজন।
ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান।কোরআন তেলাওয়াত ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। সাধারণ সম্পাদক কামাল আহমেদ পাশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদায়ী সভাপতি মুজিবুর রহমান।
উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হালিম নবনির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী আলালকে শপথবাক্য পাঠ করান। পরে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
নবনির্বাচিত নেতারা বলেন, প্রবাসে বড়লেখাবাসীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করবে সংগঠনটি। একই সঙ্গে দেশের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় জানান তারা।
অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ এবং নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা।