বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নাছির উদ্দীনের মালিকানাধীন ‘এফ বি নুরুন নাহার’ মাছধরার ট্রলারডুবির ঘটনায় গ্রেফতার ‘এফ টি মেরিটাইম-১’ টলিং জাহাজের ৪ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাইফুল ইসলাম, কর্ণফুলী উপজেলার জোবাইদ আল মাহমুদ, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জসিম উদ্দিন ও ময়মনসিংহের আমিনুল হক।
মামলার তদন্ত কর্মকর্তা কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রবাল সিনহা জানান, ট্রলারডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার (৮ ফেব্রুয়ারি) কুতুবদিয়ার অদূরে সাগরে ‘এফ টি মেরিটাইম-১’ নামের টলিং জাহাজের ‘পরিকল্পিত’ ধাক্কায় নাছির উদ্দিনের মালিকানাধীন মাছধরার ট্রলার ডুবে যায়। এ সময় ১৭ জন জেলের মধ্যে ১৫ জন অন্য ট্রলারে ওঠেন। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত জিয়াবুল হক নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ‘এফ টি মেরিটাইম-১’ নামের টলিং জাহাজ ও চালকদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত সোমবার ওই জাহাজের চারজনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/কেএইচটি