এ বছর প্রযুক্তিপ্রেমীদের সব কৌতূহল কেবল একটি ফোনকে ঘিরে। ফোনটি হলো অ্যাপলের ‘আইফোন ১৮’। এখনো উন্মোচনের প্রায় দুই মাস বাকি থাকলেও আলোচিত এ ফোন নিয়ে তথ্য ফাঁস থেমে নেই। ফোনটির মূল নকশা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়েছে এর ভেতরের শক্তিশালী চিপসেটের বিবরণও। ক্যামেরায় বড় পরিবর্তনের পাশাপাশি এর আকাশচুম্বী দাম নিয়েও নতুন তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, নতুন এই আইফোনের প্রো ম্যাক্সের দাম প্রায় দুই লাখ টাকা হতে পারে। এমনকি এটি কবে বাজারে আসবে, জানা গেছে সে তথ্যও।
আকাশচুম্বী দাম
আইফোন ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনঅ্যারেনা তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। চীনের টেক–বিষয়ক তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠান ‘স্মার্ট পিকাচু’ জানিয়েছে, চীনে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রারম্ভিক মূল্য ১১ হাজার ইউয়ান থেকে শুরু হতে পারে। ডলারে রূপান্তর করলে এর দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৬২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় কর ও শুল্ক বাদে এর দাম পড়বে প্রায় ১ লাখ ৯৭ হাজার টাকার বেশি।