ধোয়ার পর ছোট হয়ে যাওয়া পোশাক সঠিক পদ্ধতিতে যত্ন নিলে অনেক ক্ষেত্রে আগের মাপের কাছাকাছি ফিরিয়ে আনা সম্ভব। ছবি: সংগৃহীত

প্রিয় টি-শার্ট কিংবা দামি পোশাকটি ধোয়ার পর হঠাৎ দেখলেন, আগের চেয়ে এক সাইজ ছোট! ওয়াশিং মেশিনে ধোয়া, অতিরিক্ত তাপে শুকানো কিংবা কড়া রোদে দেওয়ার কারণে এমনটা হতেই পারে। কাপড়ের সুতার আঁশ সংকুচিত হয়ে যাওয়ায় পোশাকের মাপও ছোট হয়ে যায়।

পছন্দের পোশাকটি আর পরা যাচ্ছে না বলে মন খারাপ করার কিছু নেই। বিশেষজ্ঞদের মতে, কাপড়ের ধরন বুঝে সঠিক পদ্ধতিতে যত্ন নিলে অনেক ক্ষেত্রে সংকুচিত পোশাক আবার আগের মাপের কাছাকাছি ফিরিয়ে আনা সম্ভব।

প্রথমেই যে ভুল করবেন না

পোশাক ছোট হয়ে গেছে বুঝতে পেরে ভেজা অবস্থায় জোরে টানাটানি করা ঠিক নয়। এতে সুতার বুনন নষ্ট হয়ে পোশাকের আকৃতি আরও খারাপ হয়ে যেতে পারে।



বিশেষ করে দামি রেশমি বা খুব সূক্ষ্ম কাপড় হলে ঘরে বসে জোর করে টানাটানি না করে অভিজ্ঞ কাপড় পরিষ্কারকারীর সাহায্য নেওয়াই ভালো।

কাপড়ের ধরন বুঝে ব্যবস্থা নিন

সব ধরনের কাপড় একইভাবে আগের মাপে ফেরানো যায় না। তাই প্রথমেই পোশাকের পরিচর্যার নির্দেশনা দেখে কাপড়ের উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

সুতি ও রেশমি কাপড়: সুতি ও রেশমি কাপড়ের সুতা তুলনামূলক নমনীয়। তাই এসব পোশাক কিছুটা সংকুচিত হলে আলতোভাবে টেনে আগের মাপের কাছাকাছি আনা সম্ভব হতে পারে।

উল বা পশমজাতীয় কাপড়: উলের পোশাক অতিরিক্ত তাপে ছোট হয়ে গেলে আগের মাপে ফেরানো তুলনামূলক কঠিন। তাপে উলের আঁশ জট পাকিয়ে যায়। এ ধরনের পোশাক বিশেষ উপায়ে নরম করে নির্দিষ্ট আকারে আনার প্রয়োজন হতে পারে।

ভাপ ও হালকা টান কাজে আসতে পারে

ছোট হয়ে যাওয়া কাপড় আগের মাপে ফেরানোর একটি উপায় হলো ভাপ ও হালকা টান। সংকুচিত পোশাকে পর্যাপ্ত গরম ভাপ দিলে সুতার আঁশ কিছুটা শিথিল হতে পারে।

এরপর সমতল জায়গায় পোশাকটি ছড়িয়ে খুব আলতো হাতে চারদিকে টেনে স্বাভাবিক মাপে আনার চেষ্টা করতে হবে। পছন্দের মাপে এনে শুকানোর সময় সমতল জায়গায় পিন বা ভারী কোনো জিনিস দিয়ে আটকে রাখা যেতে পারে।

তবে কাপড়ের ধরন অনুযায়ী তাপ ব্যবহারে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত তাপে পোশাকের ক্ষতি আরও বাড়তে পারে।

কুসুম গরম পানিতে নরম করার চেষ্টা

ঘরে সহজ একটি পদ্ধতিও চেষ্টা করা যেতে পারে। কুসুম গরম পানিতে এক ক্যাপ শিশুর শ্যাম্পু বা কাপড় নরম করার উপকরণ মিশিয়ে নিতে হবে। এরপর ছোট হয়ে যাওয়া পোশাকটি ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

এরপর পোশাকটি চিপে পানি বের না করে একটি তোয়ালের মধ্যে জড়িয়ে বাড়তি পানি শুষে নিতে হবে। ভেজা অবস্থায় খুব সাবধানে হাতে টেনে পোশাকটিকে আগের আকারে আনার চেষ্টা করতে হবে।

কখন আর চেষ্টা না করাই ভালো?

অতিরিক্ত তাপে কাপড়ের আঁশ যদি শক্ত হয়ে যায় এবং একাধিকবার চেষ্টা করেও কোনো পরিবর্তন বা নমনীয়তা না আসে, তাহলে পোশাকটি হয়তো আগের অবস্থায় আর ফিরবে না।

এ অবস্থায় জোর করে টানাটানি করলে বরং পোশাকের বুনন ও আকৃতি আরও নষ্ট হতে পারে। তাই একপর্যায়ে চেষ্টা বন্ধ করাই ভালো।

ছোট হওয়া ঠেকাতে আগে থেকেই সতর্কতা

পোশাক ছোট হয়ে যাওয়ার ঝামেলা এড়াতে কাপড় ধোয়ার আগে সব সময় তার পরিচর্যার নির্দেশনা দেখে নেওয়া উচিত। কোন তাপমাত্রায় ধুতে হবে, কীভাবে শুকাতে হবে কিংবা বিশেষ পরিষ্কারের প্রয়োজন আছে কি না—এসব নির্দেশনা মেনে চললে পোশাকের আকৃতি ঠিক রাখার সম্ভাবনা বাড়ে।



আরটিভি/জেএমএ







আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে





আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews