ভারতের হায়দরাবাদের ফলকনুমা এলাকায় রবিবার (৩০ আগস্ট) রাতে নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম/মিম) নেতা মেহবুব আলীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার মূল কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফলকনুমা থানা এলাকার অন্তর্গত ভাট্টেপল্লীর আলমাছ হোটেলের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আনুমানিক ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র দল তাকে ঘিরে ধরে এবং ছুরি ও কাস্তে দিয়ে এলাপাতাড়ি আঘাত করতে থাকে।
হামলায় গুরুতর আহত হয়ে প্রায় ১৫ মিনিট রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফলকনুমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের তিনটি বিশেষ দল গঠন করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর স্থানীয় এআইএমআইএম বিধায়ক মোহাম্মদ মুবিন নিহত মেহবুব আলীর শোকার্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। তিনি থানায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মুবিন লেখেন, "মেহবুব আলীর এই নৃশংস হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।"
তিনি তেলেঙ্গানা সরকার ও হায়দরাবাদ পুলিশের উদ্দেশ্যে এলাকায় পুলিশের টহল বাড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড দমন করা এবং মাদক ও সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পুলিশ বর্তমানে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।