বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে নিজেদের অবস্থান শক্ত করতে নতুন কৌশল নিয়েছে টেসলা। দেশটিতে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় জনপ্রিয়‘মডেল ওয়াই’ গাড়ির ৬ সিটের নতুন সংস্করণ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে ভারতে সরবরাহ শুরুর পর টেসলা মাত্র ৩৫০টি ‘মডেল ওয়াই’ বিক্রি করতে পেরেছে। একই সময়ে বিওয়াইডি, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউ-এর মতো প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি গাড়ি বিক্রি করেছে।

ভারতে টেসলার বিক্রির প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে উচ্চ আমদানি শুল্ককে। বিদেশ থেকে আনা গাড়ির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়—যা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন টেসলার প্রধান ইলন মাস্ক।

এই উচ্চ শুল্কের কারণে ভারতের বাজারে টেসলার দাম অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। নতুন ৬ সিটের ‘মডেল ওয়াই এল’ সংস্করণের দাম প্রায় ৬২ লাখ রুপি (প্রায় ৬৬ হাজার ডলার), যেখানে চীনে একই মডেলের দাম তুলনামূলক অনেক কম। অথচ ভারতের সাধারণ গাড়ির বাজারের বড় অংশই ২২ হাজার ডলারের নিচের গাড়ির দখলে।

ভারতের গ্রাহকরা, বিশেষ করে সচ্ছল পরিবারগুলো এখন বড় এবং প্রিমিয়াম গাড়ির দিকে ঝুঁকছে। সানরুফ ও বড় টাচস্ক্রিন সংবলিত তিন সারির এসইউভির (SUV) চাহিদা এখন তুঙ্গে। বর্তমানে এই বাজারটি টয়োটা ও সুজুকির দখলে। সেই বাজার ধরতেই টেসলা তাদের নতুন মডেলে ৬টি আসন যুক্ত করেছে। একবার পূর্ণ চার্জ দিলে গাড়িটি ৬৮১ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

মুম্বাইয়ে গাড়িটি উন্মোচনকালে টেসলার সিনিয়র ডিরেক্টর ইসাবেল ফ্যান বলেন, আমরা সাধারণ মানুষের নাগালের মধ্যে গাড়ি পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”

ভারতের জেনারেল ম্যানেজার শরদ আগরওয়াল জানিয়েছেন, চলতি প্রান্তিক থেকেই নতুন এই গাড়ির সরবরাহ শুরু হবে।

ভারতে শুল্ক কমানোর জন্য টেসলার চাপের বিপরীতে সরকার দেশেই কারখানা স্থাপনের ওপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই অবস্থানের কারণে টেসলা আপাতত স্থানীয় উৎপাদনের পরিবর্তে চীন থেকে গাড়ি আমদানির পথ বেছে নিয়েছে।

বর্তমানে ভারতের মোট গাড়ি বিক্রির ৫ শতাংশেরও কম বৈদ্যুতিক গাড়ি, যার বেশিরভাগ বাজার দখলে রেখেছে টাটা মোটরস ও মাহিন্দ্রা।

বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ির প্রযুক্তিতে এগোলেও ভারতের সড়ক অবকাঠামো ও আইনগত সীমাবদ্ধতার কারণে টেসলার সেই প্রযুক্তি এখনই দেশটিতে বাস্তবায়ন কঠিন হবে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews