কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক অদ্ভুত সড়ক দুর্ঘটনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংঘর্ষের পর একটি সুজুকি জিএসএক্সআর মোটরসাইকেল আকাশে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়—যা অনেককে বিস্মিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাটি ঘটেছে সারে ও ডেল্টার সীমান্তবর্তী একটি ব্যস্ত সড়ক মোড়ে। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি এমনভাবে ছিটকে যায় যে, সেটি সরাসরি উপরের ট্রাফিক লাইটে গিয়ে আটকে থাকে। পরে সেটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকর্মীরা দেখতে পান।
পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চালক গুরুতর আহত হলেও তার প্রাণনাশের আশঙ্কা নেই। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালকও সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
ঘটনার ভিডিও এবং ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং মোটরসাইকেলটি নিচে নামাতে বিশেষ ব্যবস্থা নেয়। এ সময় স্কট রোডের ৭০তম থেকে ৭২তম অ্যাভিনিউ পর্যন্ত অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কীভাবে মোটরসাইকেলটি এতটা উচ্চতায় উঠে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সুজুকি জিএসএক্সআর একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্পোর্টস বাইক, যা শক্তিশালী ইঞ্জিন ও গতির জন্য পরিচিত। এমন দুর্ঘটনায় গতির প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত কিছু বলার আগে তদন্ত শেষ হওয়া জরুরি।
বিডিপ্রতিদিন/কেকে