এ বছরের জানুয়ারিতে বিপিএলে পাওয়া চোটের পর বেশ কয়েক মাস বলতে গেলে মাঠের বাইরেই কেটেছে তানজিম হাসান সাকিবের। ৫ই ফেব্রুয়ারি ঘরোয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে একটি ম্যাচ খেললেও এরপর আবার মাঠে ফিরতে পেরেছেন চট্টগ্রামে বাংলাদেশ- নিউজিল্যান্ড প্রথম টিÑটোয়েন্টিতে। এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াডে রাখা হলেও ম্যাচ খেলা হয়নি তানজিমের। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিটা তো বৃষ্টির কারণে হলোই না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টিতে হয়তো খেলতেন, কিন্তু তার আগের দিনই তানজিম আবারও পিঠে ব্যথা অনুভব করেন। যে কারণে শেষ ম্যাচে তো তার খেলা হয়ইনি, এই পেসারকে নিয়ে এবার সতর্ক অবস্থানেই চলে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিক্যাল বিভাগ। জানা গেছে, ব্যথা না কমায় তানজিমের পিঠের হাড়ের বিশেষ একধরনের এমআরআই করানো হয়েছে।
গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমআরআই টেস্টের আনুষ্ঠানিক রিপোর্ট হাতে পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, তার পিঠের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে, যে কারণে খেলা ও অনুশীলন থেকে তাঁকে আপাতত দূরে থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের টেস্ট দলে এমনিতেই নেই তানজিম। পিঠের চোট মাথাচাড়া দিয়ে ওঠায় প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলা নিয়েও এখন তৈরি হয়েছে সংশয়। লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার কথা তার।