ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মোগল আমলের মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার (৩ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে দেশটির সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করাই এ অনুদানের লক্ষ্য।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই অনুদানের ঘোষণা দেন। ‘অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি)-এর আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।
মুঘল আমলের এই সুউচ্চ প্ল্যাটফর্মের মসজিদের আদি নকশা এবং নির্মাণ উপকরণের সঠিকতা বজায় রেখে সংস্কার করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় মসজিদের একটি ফটোরিয়ালিস্টিক থ্রি-ডি মডেল তৈরি করা হবে। এ ছাড়া স্থাপত্যবিষয়ক নথিপত্র তৈরি এবং মসজিদের কাঠামোগত শক্তি বিশ্লেষণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এই মসজিদ এলাকায় পর্যটন কার্যক্রম উন্নত করাও এই প্রকল্পের উদ্দেশ্য।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এই সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় মসজিদের ইসলামি স্থাপত্যশৈলী পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্যোগটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫ বছরের দীর্ঘ সাংস্কৃতিক অংশীদারিত্বের একটি অংশ। এই কর্মসূচীর আওতায় এখন পর্যন্ত দেশের ১৩টি সংরক্ষণ প্রকল্পে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।
এএইচ