ব্যাট হাতে কনর এস্তেহেইজেনের ঝড়, বল হাতে ডুয়ান ইয়ানসেন ও ইথান বোশের আগুনে বোলিং—দুইয়ে মিলে নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। উইন্ডহোকে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১৫৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না নামিবিয়ার সামনে। কিন্তু ৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে তারা। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এর আগে বৃষ্টি-বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৯৯ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ২০ রানে জর্ডান হারম্যানকে ফিরিয়ে শুরুটা ভালো করলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সাথেই ১৮৩ রানের জুটি গড়েন এস্তেহেইজেন। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১১০ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এস্তেহেইজেন। তার ইনিংসে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। ডি জর্জিও খেলেন গুরুত্বপূর্ণ ৭৯ রানের ইনিংস, ৮৭ বলে। তাদের জুটির ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা।
শেষ দিকে ডেওয়াল্ড ব্রেভিসের ৩০ বলে ৩৭ এবং ইথান বোশের মাত্র ১৩ বলে ২৯ রানের ঝড়ো ক্যামিওতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রান তোলে প্রোটিয়ারা।
জবাবে নামিবিয়ার শুরুটাই হয় ভয়াবহ। ইয়ানসেন ও বোশের তোপে মাত্র ৩২ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। এরপর অধিনায়ক গেরহার্ড এরাসমাস কিছুটা প্রতিরোধ গড়েন। ফিফটি তুলে নিয়ে ৮৪ বলে ৬৮ রান করেন তিনি।
শেষ দিকে রুবেন ট্রাম্পেলম্যানের ২৭ বলে ৩০ রানের ইনিংস হারটা কিছুটা কমানোর চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। নামিবিয়ার ইনিংস থামে ১৭৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে ইয়ানসেন চারটি এবং বোশ তিনটি উইকেট নেন।
১৫৭ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে সেঞ্চুরি এবং ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এস্তেহেইজেন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে রোববার।