দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাবনা জেলাধীন সুজানগর উপজেলার তিন বিএনপি সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির ইসলাম খান, চান্দু খান ও সান্টু খান। 

এর আগে সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন চায়না খাতুন (৪০)। তিনি একই গ্রামের শুকুর আলীর স্ত্রী। পরে আহতদের মধ্যে মুনছুর খাঁ (৬০) নামে আরও একজন মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুইপক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পশ্চিমপাড়া এলাকায় একপক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় এবং অপরপক্ষের লোকজনকে বাজারে যেতে বাধা দেয়। পরে প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews