অভিনেতা অজিত কুমারের মাতৃবিয়োগে শোকের ছায়া নেমে এসেছে তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। শনিবার সকালে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন অজিত কুমারের মা মোহিনী মণি। মায়ের মৃত্যুর খবর পেয়েই দুবাই থেকে তড়িঘড়ি চেন্নাইয়ে ফিরে আসেন এই তামিল সুপারস্টার।
এই কঠিন সময়ে অজিত কুমার ও তার পরিবারের পাশে দাঁড়াতে এবং সমবেদনা জানাতে বিনোদন ও রাজনৈতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তার বাসভবনে ছুটে যান।
শোকসন্তপ্ত অজিত কুমারকে সান্ত্বনা দিতে এসেছিলেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয় এবং জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্যে অজিত কুমারের বাড়িতে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী বিজয়। বাড়িতে ঢোকার আগে তিনি শোকার্ত অজিত কুমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরে ভেতরে গিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। অভিনেত্রী তৃষাও অজিতের বাসভবনে গিয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পর শনিবার ভোরে ঘুমের মধ্যেই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন মোহিনী মণি। মায়ের মৃত্যুর খবর জানিয়ে অজিত কুমার, অনুপ কুমার ও অনিল কুমারের যৌথ স্বাক্ষরিত একটি পারিবারিক বিবৃতিতে বলা হয়, আমাদের মা মোহিনী মণি আজ ভোরে ঘুমের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। বিগত কয়েক বছর ধরে যারা মায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন এবং আমাদের পরিবারকে মানসিক সমর্থন দিয়েছেন, সেইসব চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ।
এই শোকের মুহূর্তে পরিবারের পক্ষ থেকে একান্ত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে এবং শেষকৃত্যের অনুষ্ঠানটি শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে তারা আরও যোগ করেন, যারা বাবা-মা বা কোনো প্রিয় গুরুজনকে হারানোর বেদনা বোঝেন, তারা নিশ্চয়ই আমাদের এই নিভৃতে শোক প্রকাশের ইচ্ছাকে সম্মান জানাবেন। মা যেভাবে সারাজীবন শান্ত, মর্যাদাপূর্ণ ও কোমল শক্তির পরিচয় দিয়েছেন, আমরাও একইভাবে তার স্মৃতিকে মনে রাখতে চাই।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কেএইচটি