বিক্রেতারা জানান, ব্র্যান্ডভেদে সিমেন্টের দাম ভিন্ন। দাম বাড়ার পর বর্তমানে প্রতি বস্তা (৫০ কেজি) সিমেন্ট বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২৫ টাকায়। সে হিসাবে টনপ্রতি সিমেন্টের দাম বেড়েছে প্রায় ২০০ থেকে ৪০০ টাকা। এর আগে রডের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বড় ব্র্যান্ডের রডের দাম টনপ্রতি প্রায় ১০ হাজার টাকা বেড়ে বর্তমানে ৯০ হাজার থেকে ৯৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দেয়। পাল্টা হামলার ঘটনায় সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। একই সঙ্গে পারস্য উপসাগর থেকে তেল–গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তেলের দাম বাড়ায় সমুদ্রপথে জাহাজভাড়া বেড়ে গেছে। এ পরিস্থিতিতে শিপিং কোম্পানিগুলোও পণ্য পরিবহনে অতিরিক্ত সারচার্জ আরোপ করেছে। ফলে শিল্পকারখানার কাঁচামাল আমদানির ব্যয় বেড়ে গেছে।