চট্টগ্রামের উন্নয়নে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে মসজিদে এ দোয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত বলেন, নোমান ছিলেন দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং বিএনপির এক কিংবদন্তি নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি ছিলেন অবিচল যোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা অবিস্মরণীয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।

মেয়র জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও এনএমজে মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রতিষ্ঠায় নোমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৃহত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে তার উদ্যোগ স্থানীয় বাসিন্দারা আজীবন স্মরণ করবে। জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়ন ও উন্নয়নেও তার অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

আবু সুফিয়ান বলেন, নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন নেতা, যিনি শুধু চট্টগ্রাম নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে পুনর্গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আবুল হাশেম বক্কর বলেন, নোমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির যোদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম নেতা। তার সাহস, সততা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মরহুম আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মো. মহসিন, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, বিএনপি নেতা মঞ্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, নুর হোসাইন প্রমুখ।

এমআরএএইচ/একিউএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews