কলম্বিয়ান সুপারস্টার শাকিরা শুধু তাঁর কণ্ঠের জাদু ও অসাধারণ নাচের জন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় নন, স্টেজে তাঁর ঝলমলে উপস্থিতিও ভক্তদের মুগ্ধ করে। ২০১০ সালের ফিফা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গানের পর এবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ দিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।
দীর্ঘ সময় ধরে পারফর্ম করেও কীভাবে এত উজ্জ্বল ও প্রাণবন্ত থাকেন—ভক্তদের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিরা নিজেই। ৪৯ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, তাঁর সৌন্দর্যের পেছনে রয়েছে নিয়মিত ত্বকের যত্ন, শরীরচর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন।
- Advertisement -
স্টেজে ওঠার আগে শাকিরা প্রথমে ত্বক প্রস্তুতের দিকে মনোযোগ দেন। প্রদাহ কমাতে তিনি রেড লাইট থেরাপি ব্যবহার করেন। এরপর মুখের ফোলা ভাব কমাতে ও ত্বকের সতেজতা বাড়াতে করেন ফেশিয়াল গুয়া শা। অনেক সময় ভোকাল ওয়ার্ম-আপের পাশাপাশি এই কাজও চালিয়ে যান তিনি।
ত্বক প্রস্তুতির পর শুরু হয় মেকআপ পর্ব। মঞ্চের আলোতে উজ্জ্বল দেখানোর জন্য ফাউন্ডেশন, আইশ্যাডো, লিপস্টিক ও সেটিং স্প্রে ব্যবহার করেন তিনি। সবশেষে পছন্দের পারফিউম দিয়ে নিজের প্রস্তুতি শেষ করেন। এদিকে তাঁর স্বাভাবিক ঢেউখেলানো চুলের স্টাইলও স্টেজ লুকের অন্যতম আকর্ষণ।
শুধু সৌন্দর্য নয়, দীর্ঘ সময় পারফর্ম করার জন্য শাকিরার ফিটনেস রুটিনও বেশ কঠোর। নাচের অনুশীলনের পাশাপাশি তিনি ডেড লিফট, হিপ থ্রাস্টসসহ শক্তি ও নমনীয়তা বাড়ানোর বিভিন্ন ব্যায়াম করেন। পাশাপাশি হাতের ব্যায়াম ও নিয়মিত ম্যাসাজের মাধ্যমেও শরীরকে প্রস্তুত রাখেন।
মঞ্চে ওঠার আগে তাঁর শেষ প্রস্তুতির অংশ হিসেবে থাকে ১০ মিনিটের ভোকাল ওয়ার্ম-আপ এবং আয়নায় নিজের শেষবারের মতো প্রস্তুতি যাচাই করা।
শাকিরার মতে, স্টেজে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় দেখানোর পেছনে শুধু দামি প্রসাধনী নয়; বরং নিয়মিত যত্ন, পরিশ্রম এবং সুস্থ জীবনযাপনই সবচেয়ে বড় রহস্য।
- Advertisement -