উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ফোবানার ৪০তম আসর ঘিরে টরন্টোতে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
তিন দিনব্যাপী এই আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। এবারের ফোবানা হবে টরন্টোর ডনভ্যালী হোটেল অ্যান্ড স্যুইটসে।
সংবাদ সম্মেলনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফোবানা। এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসী বাঙালির মিলনমেলা।
সভায় আসন্ন আয়োজনের পরিকল্পনা, পরিচালনা পদ্ধতি, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রস্তুতিমূলক এ সভায় অংশগ্রহণের জন্য কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
আয়োজকরা আরও জানান, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এবারের ফোবানা আরও প্রাণবন্ত হবে। সংগীত, নৃত্য ও বিনোদনের সমন্বয়ে তিন দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এবারের ফোবানায় থাকছে ওপেন কনসার্ট, বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় তারকাদের উপস্থিতি। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে হয়ে ৪০তম ফোবানাকে সার্থক করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/এমই