ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদল ও খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকা আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। ফলে ২০২৬-২৭ মৌসুমে সর্বোচ্চ ১৩টি দল নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। তবে দল গঠন ও নিবন্ধন শেষ হলেও সবচেয়ে বড় প্রশ্ন- খেলা শুরু হবে কবে? বাফুফের সিদ্ধান্তে এবার প্রায় ১০০ ফুটবলার নতুন করে পেশাদার লিগে খেলার সুযোগ পেয়েছেন। গত মৌসুমে ১০টি দল অংশ নিলেও এবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে। সম্প্রসারিত লিগে সদ্য উন্নীত চট্টগ্রাম সিটি এফসি ও ঢাকা সিটি এফসি প্রথমবারের মতো শীর্ষ স্তরে খেলবে। দুই ক্লাবই এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়ে তুলেছে।
প্রতি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারে। চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিস এফসি, ঢাকা আবাহনী, পুলিশ এফসি ও রহমতগঞ্জ ছাড়া বাকি আটটি দলই নতুন মৌসুমের জন্য ৩৫ জন করে খেলোয়াড় নিবন্ধন করেছে। সব মিলিয়ে এবারের মৌসুমে দেশি-বিদেশি ৪৪৫ জন ফুটবলার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বিদেশি রয়েছেন ৪৭ জন। তবে নেপাল, ভুটান ও পাকিস্তানের ১৯ ফুটবলার স্থানীয় খেলোয়াড়ের কোটায় খেলবেন। তারকার উপস্থিতিতেও এবারের লিগের আকর্ষণ বেড়েছে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গত দুই মৌসুমের মতো এবারও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবেই থাকছেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে বসুন্ধরা কিংস তপু বর্মণ ও রাকিব হোসেনের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে নিয়েছে। রবিনহোর পাশাপাশি ব্রাজিল থেকে একজন স্ট্রাইকারও দলে যোগ দেওয়ার অপেক্ষায়। ঢাকা আবাহনী ধরে রেখেছে গত মৌসুমের আলোচিত ফুটবলার শেখ মোরসালিন ও মিতুল মারমাকে। দলে যোগ দিয়েছেন চার নাইজেরিয়ান, যাঁদের একজন বিশ্বকাপ খেলা ফুটবলার। মোহামেডান স্পোর্টিং ক্লাবও শক্তিশালী দল গড়েছে। বসুন্ধরা কিংস থেকে ফয়সাল আহমেদ ফাহিম, আনিসুর রহমান জিকো ও সাদ উদ্দিনকে দলে নিয়েছে তারা। সঙ্গে আছেন সুলেমানে দিয়াবাতে, সানডে ও মুজাফফরভ। ফর্টিস এফসিতে রয়েছেন চার জাপানি ফুটবলার। দলটির লক্ষ্য এএফসি চ্যালেঞ্জ লিগও। মুরাসের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়া ইব্রাহিমও আছেন তাদের দলে। ফিফার নিষেধাজ্ঞা থেকে মাত্র তিন দিন আগে মুক্ত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সও চার বিদেশি ফুটবলার নিবন্ধন করেছে। পুলিশসহ অন্য দলগুলোতেও রয়েছে বিদেশি খেলোয়াড়।
তবে এত আয়োজনের পরও অনিশ্চয়তায় লিগের সূচি। বাফুফে ১৮ সেপ্টেম্বর থেকে লিগ শুরুর পরিকল্পনা করছে। কিন্তু ফর্টিস ও পুলিশ ছাড়া অধিকাংশ দলই এখনো নিয়মিত অনুশীলন শুরু করেনি। এর মধ্যে ফিফা আসিয়ান কাপকে ঘিরে জাতীয় দলও ব্যস্ত থাকবে। সব মিলিয়ে অক্টোবরের আগে লিগ শুরু করা কঠিন হতে পারে। বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ লিগ কমিটির কর্মকর্তারা একাধিক সভা করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews