টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে তারকা পেসার লকি ফার্গুসনকে পাচ্ছে না কিউইরা। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন তিনি।

মঙ্গলবার কানাডার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে ফার্গুসনের অনুপস্থিতিতে দলকে নামতে হবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে। দলীয় সূত্রে জানা গেছে, সুপার এইট পর্বের আগে আবার স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে এই ডানহাতি গতিতারকার।

দলের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন,'ফার্গুসন ও তাঁর স্ত্রী এমার জন্য এটি দারুণ এক সময়। এমন বিশেষ মুহূর্তে পরিবারের পাশে থাকতে পারছেন, এতে আমরা খুশি। আপাতত তাঁর পরিবর্তে কাউকে দলে নেওয়ার পরিকল্পনা নেই।'

প্রয়োজনে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে থাকা বেন সিয়ার্স ও কোল ম্যাককনচিকে স্কোয়াডে ডাকা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কোচ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ফার্গুসন। তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সর্বোচ্চ উইকেটশিকারি। কানাডার বিপক্ষে তাঁর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন কাইল জেমিসন, যদিও এবারের আসরে এখনো কোনো ম্যাচ খেলেননি এই পেসার।

গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচ জিতলেও শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ফলে সুপার এইটে ওঠার সমীকরণ এখন কিছুটা জটিল। কানাডাকে হারাতে পারলেই নিশ্চিত হবে শেষ আট। আর হারলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের ম্যাচের ফলের দিকে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews