আগামী ডিসেম্বরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি

পশ্চিমবঙ্গে টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও জনপ্রিয়। ২০২৪ সালে শাকিব খানের বিপরীতে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী। শীতের আবহে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর।যদিও মিমির পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

তবে গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের দিনক্ষণ নয়, পাত্রও। টালিপাড়ার সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলেই খবর। শোনা যাচ্ছে, নায়িকার হবু স্বামী পেশায় ভারতীয় নৌবাহিনীর সদস্য, নাম সিদ্ধার্থ। যদিও এখন পর্যন্ত বিয়ে নিয়ে পাত্র–পাত্রী উভয়ের মুখেই কুলুপ, তবে খবর পূজার আবহেই পরস্পরের মন বিনিময় হয়েছে! ঘনিষ্ঠ সূত্রের বরাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলি পর্বও নাকি চলছে জোরকদমে। কারণ, হাতে আর মাত্র সাড়ে তিন মাস।

মিমির ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও বরাবরই ব্যক্তিগত বিষয় অনেকটা আড়ালেই রেখেছেন অভিনেত্রী। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

এখন দেখার বিষয়, সত্যিই কি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি, নাকি এই খবর শুধুই জল্পনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews