প্রায় ছয় বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন আকবর আলি। ফিফটির দেখা পেলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পরে বল হাতে আলো ছড়ালেন রিশাদ হোসেন। পূর্বাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বাদশ আসর শুরু করল উত্তরাঞ্চলও।
বিসিএলে উদ্বোধনী দিন ৫৪ রানে জিতেছে উত্তরাঞ্চল।
ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৮৭ বলে ১১১ রান করে ম্যাচ সেরা হন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আকবরের সঙ্গে তানজিদ হোসেন ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে উত্তরাঞ্চল ৫০ ওভারে তোলে ৩৩৫ রান।
২০ রানে প্রথম উইকেট হারায় উত্তরাঞ্চল। ২টি ছক্কা ও ১টি চারে ১৬ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান।
দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করা তানজিদ।
মিডল অর্ডারে ব্যর্থ হন লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ১০ ও হৃদয় ২ রান করেন।
২০তম ওভারে দলীয় ১১৮ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে শান্তর সঙ্গী হন আকবর। পঞ্চম উইকেটে ১২০ রান যোগ করেন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ৮৭ বল খেলে শান্ত ৬৮ রানে থামলেও, সেঞ্চুরির স্বাদ নেন আকবর।
৮টি চার ও ৬টি ছক্কায় গড়া আকবরের ৮৭ বলে ১১১ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৩৩৫ রান তুলে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। খালেদ আহমেদ ৪ উইকেট নেন।
৩৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পূর্বাঞ্চলের উপরের সারির চার ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। জাকির হাসান ৮, পারভেজ হোসেন ইমন ৩৫, অমিত হাসান ২২ ও অধিনায়ক ইয়াসির আলি ৪২ রানে আউট হন।
মিডল অর্ডারে তিন ব্যাটারের ব্যর্থতার পরও হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল হক ও নাইম হাসান। তাদের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৮১ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। ৭টি চার ও ১টি ছক্কায় মোমিনুল সর্বোচ্চ ৮৩ রান করেন। ৭টি বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন নাইম। নর্থ জোনের স্পিনার রিশাদ হোসেন ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল: ৫০ ওভারে ৩৩৫ (সোহান ১৬, তানজিদ ৫৪, শান্ত ৬৮, লিটন ১০, হৃদয় ২, আকবর ১১১, মেহেরব ৯, রিশাদ ৭, সাকলাইন ১৭, শরিফুল ২০, নাহিদ ০*; হাসান ১০-০-৫৫-২, খালেদ ১০-০-৫২-৪, নাঈম ১০-১-৪৬-১, সাইফ উদ্দিন ১০-০-৯৮-০, নাসুম ৯-০-৫৮-১, শামীম ১-০-২৩-০)
পূর্বাঞ্চল: ৪৯.৪ ওভারে ২৮১ (জাকির ৮, পারভেজ ৩৫, অমিত ২২, ইয়াসির ৪২, মুমিনুল ৮৩, শামীম ১২, সাইফ উদ্দিন ১, নাসুম ৭, নাঈম ৫০*, খালেদ ১, হাসান ১২; শরিফুল ৮-১-৩৪-১, নাহিদ ৯-১-৩৩-২, সাকলাইন ৭.৪-১-৫৮-১, মেহেরব ১০-০-৫৫-২, রিশাদ ১০-০-৫৭-৪, শান্ত ৩-০-২৯-০, হৃদয় ২-০-১২-০)।
ফল: উত্তরাঞ্চল ৫৪ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আকবর আলি।