কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এতে মাইক্রোবাসের চালকসহ একাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় মারসা পরিবহন নামের একটি বাস। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে সড়কের পাশে সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে এবং যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, মাইক্রোবাসের চালক সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews