বাংলাদেশের প্যারা স্পোর্টসে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি বাংলাদেশ) উদ্যোগে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) প্রাঙ্গণে গতকাল উদ্বোধন করা হয় বোচিয়া গেমসের একটি কোর্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা সিস্টার ভেলরি এ. টেইলর। কোর্টটির উদ্বোধন করেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের উপ-মহাসচিব মো. হেদায়তুল আজিজ, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ, নির্বাহী সদস্য ফরিদা আক্তার আসমা, এশিয়া প্যারা আরচ্যারির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মো. তানভির আহমেদ, দেশের প্রথম বোচিয়া প্যারা-অ্যাথলেট মো. আনোয়ার হোসেন ও মো. রাশেদ আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বোচিয়ার বিকাশ গুরুত্বপূর্ণ। নতুন কোর্টটি প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ ও দক্ষ প্যারা-অ্যাথলেট তৈরিতে ভূমিকা রাখবে। এনপিসি বাংলাদেশ ও সিআরপির যৌথ সহযোগিতায় এটি ভবিষ্যতে বোচিয়া খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও দক্ষতা উন্নয়নের অন্যতম কেন্দ্রে পরিণত হবে। কৌশল ও নিয়ন্ত্রণ নির্ভর এই খেলাটির বাংলাদেশে পরিসর সীমিত হলেও নতুন কোর্ট স্থাপনে প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে। এতে নতুন খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।’