যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যাক্স সিলিকা’ সম্মেলন। গত বৃহস্পতিবার এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সুযোগ ও উন্নয়ন নিয়ে একটি যৌথ বিবৃতিতে সই করেছে ৩৫টি দেশ।
এই চুক্তির মূল লক্ষ্য হলো এআই প্রযুক্তির জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরি করা। এর ফলে প্রযুক্তির বিকাশ এবং নতুন আবিষ্কার আরও সহজ হবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এই উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, এটি বেসরকারি খাতকে কাজে লাগানোর এবং আগামী এক শতাব্দীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির একটি বড় প্রতিশ্রুতি।
জ্যাকব হেলবার্গ আরও বলেন, কে আগে নিয়মকানুন বা আইন বানাবে তার ওপর এআই-এর ভবিষ্যৎ নির্ভর করবে না। বরং কারা আগে এবং সবচেয়ে বেশি প্রযুক্তি তৈরি করতে পারবে, তার ওপরই এটি নির্ভর করবে। এর জন্য বেশি শক্তি, বেশি কম্পিউটিং ক্ষমতা, বেশি চিপস ও বেশি মেধার প্রয়োজন। এমন একটি ভবিষ্যৎকে স্বাগত জানানো হচ্ছে, যেখানে উদ্ভাবন ও বেসরকারি বিনিয়োগ দ্রুত বাড়বে।
এই উদ্যোগের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ার আশা করা হচ্ছে যা মানুষের উপকারে আসবে। এটি দেশগুলোর অর্থনীতিকে শক্তিশালী করবে এবং নতুন ব্যবসা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে।
গত বছরের ডিসেম্বরে অল্প কয়েকটি দেশ নিয়ে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগ শুরু হয়েছিল। এবারের সম্মেলনে আর্জেন্টিনা, জার্মানি, নেদারল্যান্ডস, চিলি, কোস্টারিকা, গ্রিস, কাজাখস্তান, পানামা এবং ইউরোপীয় ইউনিয়ন নতুন করে যুক্ত হয়েছে। উল্লেখ্য, ভারত গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে এই উদ্যোগে যোগ দিয়েছিল।
এবারের সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির নিরাপদ সরবরাহ নিয়ে একে অপরের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।
বিডিপ্রতিদিন/কেকে